আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। বেঙ্গালুরুতে সিরিজের নিষ্পত্তি হবে। ওয়েস্ট ইন্ডিজের বিশাল ২৪৭ রান তাড়া করতে নেমে ভারত থামল ২২৩ রানে।
ক্যারিবিয়ানদের রান তাড়া করতে নেমে ভারতের হয়ে শুরুতে ঝোড়ো ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ২৩ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। তবে কিমো পলের বলে স্যামসন আউট হওয়ার পরই ভারতের ইনিংসে ধাক্কা লাগে। অল্প সময়ের ব্যবধানে ফিরে যান ইশান কিষাণও।
এরপর শ্রেয়স আইয়ারও বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। অভিষেক শর্মা ২৯ রান করে আউট হন। একই ওভারে নমন ধীরকে স্টাম্পড করিয়ে ভারতকে আরও চাপে ফেলে দেন মোতি।
একদিকে উইকেট পড়লেও লড়াই চালিয়ে যান তিলক বর্মা। চার ও ছক্কায় পাল্টা আক্রমণের চেষ্টা করেন তিনি। ২৫ বলে ৪৩ রান করে অবশ্য রোমারিও শেফার্ডের বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিলক। তাঁর বিদায়ে ভারতের জয়ের আশা আরও ক্ষীণ হয়ে পড়ে।
শেষ দিকে নীতীশ কুমার রেড্ডি পরপর দুটি ছক্কা হাঁকিয়ে কিছুটা আশার আলো দেখান। কিন্তু কিমো পল আঘাত হানেন। নীতীশ রেড্ডি ৪১ রানে ফেরেন। কিমো পল ৪ ওভারে ৫ উইকেট নেন। এর আগে শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন। ৫০ বলে ১০২ রান করেন তিনি। হেটমায়ার, পাওয়েল ও রাদারফোর্ডের ইনিংসের সৌজন্যে ক্যারিবিয়ানরা ২৫৭ রান করে। সেই রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ২২৩ রানে।
