শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পৌরসভার মাদারগঞ্জ দুর্গামন্দিরসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্টদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।
পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ লক্ষ্যে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবি-৫ সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন, সে জন্য নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের কোম্পানি অধিনায়ক সাইদ আনোয়ার রাহি, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নুরুল হুদা, মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির সভাপতি অমিত কুমার চৌধুরীসহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
The post জয়পুরহাটে ৩০৯ পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় মাঠে এসআরবি-৫ appeared first on ভোরের চেতনা.
