চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) এবার পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন ডা. শাহাদাত হোসেন। মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তিনি, তবে নতুন নিয়োগটি দেওয়া হয়েছে প্রশাসক হিসেবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত। সংশোধিত আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, এ সময়ে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতাও পাবেন।
এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন শাহাদাত। পরে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে ওই নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর আদালতের ওই রায়ের মধ্য দিয়ে মেয়র পদে তাঁর বিজয় স্বীকৃতি পায়।
The post মেয়র থেকে চসিকের পূর্ণকালীন প্রশাসক শাহাদাত appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
