মেক্সিকোর পশ্চিম উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ট্রুডি। এর প্রভাবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে ঝড়টি দুর্বল হতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, শনিবার সকালে ট্রুডি ম্যানজানিলো শহর থেকে প্রায় ৩০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। তখন ঝড়টির সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। এটি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার গতিতে এগোচ্ছিল।
শনিবার রাতে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্যাঞ্চলের উপকূলের কাছ দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে। সতর্কতা জারি করা এলাকাগুলোতে রাতে হারিকেনের মতো শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
হারিকেন কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে মিচোয়াকান, কোলিমা ও হালিসকো রাজ্যের বিভিন্ন এলাকায় ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে বৃষ্টির পরিমাণ ৩৮ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায়।
গেরেরো ও নায়ারিত রাজ্যের কিছু এলাকায় ৫ থেকে ১০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও তা ১৫ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
উপকূলের দিকে প্রবল বাতাসের কারণে সমুদ্রের পানি স্থলভাগে উঠে আসতে পারে। পাশাপাশি বড় ও ধ্বংসাত্মক ঢেউ এবং সমুদ্রের বিপজ্জনক স্রোত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রুডির প্রভাবে সৃষ্ট ঢেউ ইতোমধ্যে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের কিছু এলাকায় আঘাত হানছে এবং উত্তরের দিকে ছড়িয়ে পড়তে পারে।
সূত্র: রয়টার্স
