নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম ফকির (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে চরকিশোরগঞ্জে এই ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, জহিরুল ইসলামের বাড়ি আড়াইহাজারে হলেও কয়েক বছর ধরে তিনি মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে।
প্রাথমিক তদন্তের তথ্য উল্লেখ করে ওসি বলেন, বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির। পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাগিনা ইসমাইল হোসেনের অভিযোগ, কালাপাহাড়িয়া এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর মামার দ্বন্দ্ব ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি আব্দুল বারিক। তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
