Published : 14 Oct 2026, 08:59 PM
Updated : 14 Oct 2026, 08:59 PM
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চন্দ্রা এলাকার ওই হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও গোপনে কার্যক্রম চলছিল।
মঙ্গলবার রাতের অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত নারী-পুরুষ এবং হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ মোট ৩৯ জনকে আটক করা হয়।
ওসি শহীদুল ইসলাম জানান, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
