সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া পাওয়া গেছে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দানবাক্স ও ডেগ খোলার পর প্রাপ্ত অর্থ ও মূল্যবান সামগ্রীর প্রাপ্ত হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
গণনার হিসাব অনুযায়ী, প্রাপ্ত স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা। প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ১৪ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২০ থাই বাথ, ৯৩ সৌদি রিয়াল, ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, ১ হাজার ৩৫০ দশমিক ৫০ ওমানি বাইসা, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি পয়সা, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল ও ৫০০ শ্রীলঙ্কান রুপি।
প্রসঙ্গত, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের মোট আয়ের ৩৫ শতাংশ এর উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ অন্যান্য খরচ মেটাতে ব্যবহার করা হবে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এর আগে গত ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছিল। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় নতুন করে চালু করা একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
মাসুদ আহমদ রনি/বিআরইউ
