দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি মন্দির পরিদর্শন করে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং রমনা কালীমন্দির সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।
তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে বিজিবি সদর দপ্তরে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিরাপত্তা সহায়তা দেবে। নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুর্গম এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং গুজব ও সাম্প্রদায়িক উসকানি রোধে কঠোর সতর্কতা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
