ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ঘিরে ভোটার এলাকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনি প্রচারণায় তিনি নিজেকে ‘ঢাকা-৯-এর ঘরের মেয়ে’ বলে উল্লেখ করলেও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি ঢাকা-১১ আসনের ভোটার।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপ থেকে জানা যায়, তাসনিম জারার ভোটকেন্দ্র নম্বর ৮০—প্রাইম স্কুল অ্যান্ড কলেজ। কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায় অবস্থিত, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
আইন অনুযায়ী, কোনো প্রার্থী যে আসনে নির্বাচন করছেন, সেই আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক নয়। ফলে বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে না পড়লেও রাজনৈতিকভাবে এটি আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা-৯ আসনটি গঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ড এবং মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা নিয়ে।
নির্বাচনি প্রচারণার বিভিন্ন বক্তব্যে তাসনিম জারা নিজেকে ঢাকা-৯-এর ‘ঘরের মেয়ে’ বলে দাবি করেন। বর্তমানে তিনি পরীবাগে বসবাস করছেন বলে জানা গেছে। এর আগে তিনি গুলশান এলাকায় থাকতেন।
এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি। তাঁর নির্বাচনি টিমের এক সদস্যকে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
