আবুধাবি টেস্টের চতুর্থ দিনশেষে জয়ের সুবাস পেয়েছিল বাংলাদেশ। শেষ দিনে তাদের দরকার ছিল ৭ উইকেট; আফগানিস্তানের ৩৪৭ রান। তবে টাইগারদের জন্য একমাত্র টেস্টের পঞ্চম দিনটা ছিল চরম হতাশার। গতকাল শেষ দিনে আফগানিস্তানকে অলআউট করতে পারেননি টাইগার বোলাররা। ফলে ড্রয়েই তুষ্ট থাকতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।
লিটন দাসের শতক (১০২), নাজমুল হোসেন শান্ত (৮২) এবং মুশফিকুর রহিমের (৮১) অর্ধশতকে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। অসম্ভব সে রান তাড়ায় চতুর্থ দিনে ৩ উইকেটে ১৩২ রান তুলতে পারে আফগানরা। শেষ দিনে তাদের দরকার ছিল আরও ৩৪৭ রান; বাংলাদেশের ৭ উইকেট। এদিন বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়েছেন সাদিকুল্লাহ আতাল। উইকেটের এক প্রান্ত একাই আগলে রেখেছিলেন তিনি। আফগান ওপেনার তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক।
শেষ দিনে বাংলাদেশের বোলাররা চেপে ধরতে পারেননি আফগান ব্যাটসম্যানদের। এ ছাড়া রান আউট মিস এবং হাসানের সহজ ক্যাচ মিস প্রমাণ করে শেষ ঘণ্টায় তারা চাপটা ঠিক নিতে পারেনি। তবে আফগান ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিতে হবে। তারা শেষ দিনের পুরোটা সময় ব্যাট করে বাংলাদেশের কাছ থেকে জয় রীতিমতো ছিনিয়ে নিয়ে ম্যাচটা ড্র করেছে। শেষ দিনে বাংলাদেশের বোলাররা নিতে পেরেছে আর ৫টি উইকেট; আফগানিস্তান দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩৪৬ রানে।
আফগান ব্যাটাররা জয়ের জন্য খেলেননি। তারা ড্রকে পাখির চোখ করেই মূলত শেষ দিনে ব্যাট করেছে। এই ড্রয়ে বড় অবদান রেখেছেন আতাল। একাধিক জুটি গড়েছেন তিনি। এর মধ্যে পঞ্চম উইকেটে ইকরামের সঙ্গে ১৪৭ বলে ৬৬, ইসমতের সঙ্গে ১২৩ বলে ৪০, হাসমতউল্লাহর সঙ্গে ৪৯ বলে ২২ উল্লেখযোগ্য। সপ্তম ব্যাটসম্যান হিসেবে দলীয় ২৮১ রানে আউট হন তিনি। তাকে ফেরান তাইজুল। ৩৩২ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১১১ রান করেন আতাল।
দ্বিতীয় সেশনে ২৯ ওভারে ২ উইকেটে ৬২ রান স্কোরকার্ডে জমা করতে পারে আফগানিস্তান। ১১৯তম ওভারে আতাল আউট হলে বাংলাদেশ শিবিরে জয়ের স্বপ্ন উঁকি দিয়েছিল! তবে শেষ পর্যন্ত তা মিইয়ে গেছে ফিল্ডিং ব্যর্থতায়। শেষ দিকে পর পর দুই বলে কায়েস ও ইয়ামিনের রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এরপর কায়েস আহমেদের ডিপ মিডউইকেটে তুলে দেওয়া ক্যাচ হাতছাড়া করেন হাসান। শেষ সেশনে লোয়ার অর্ডারে ইয়ামিন আহমাদজাই, কায়েস ও জিয়ার বীরোচিত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচায় আফগানিস্তান।
