খুলনা নগরীতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামে এক মুদি দোকানদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহত ধনঞ্জয় কুন্ডু খুলনা সদর থানাধীন গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা। তার বাবার নাম শিবপদ কুন্ডু এবং মায়ের নাম বিনা রানী কুন্ডু।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। এ সময় তারা ধনঞ্জয়কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিতে ধনঞ্জয়ের পেটে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
