এলন মাস্কের স্টারলিংক নিয়ে ভারতে চলমান বিতর্ক কেবল একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদনের প্রশ্ন নয়। এর পেছনে রয়েছে বৈশ্বিক প্রযুক্তি-রাজনীতি, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌম সিদ্ধান্তগ্রহণের অধিকার নিয়ে একটি বৃহত্তর প্রশ্ন।
নয়াদিল্লির থিংক ট্যাংক অবজারভার রিসার্স ফাউন্ডেশন (ওআরএফ)-এর বিশ্লেষণে মূল যুক্তি হলো, স্টারলিংক ভারতে লাইসেন্স পেয়েছে, কিন্তু নিরাপত্তা ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দ এখনো পায়নি; তাই এটিকে কেবল ‘অনুমোদন বিলম্ব’ বলে চিত্রিত করা অসম্পূর্ণ ।
বিশ্লেষণী প্রবন্ধে বলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা কেবল বাণিজ্যিক সেবা নয়, জাতীয় নিরাপত্তার অবকাঠামো। ভারত এর আগে জাতীয় নিরাপত্তার কারণে হুয়াওয়ে ও জেডটিইকে ৫জি সরঞ্জাম সরবরাহ থেকে বাদ দিয়েছিল। স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, কারণ ভূরাজনৈতিক সংকটে সেবাদাতা প্রতিষ্ঠান তাত্ক্ষণিকভাবে সংযোগ বন্ধ, সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে । ইরানে বিক্ষোভের সময় এবং ইসরায়েল-ইরান যুদ্ধের মাঝে মাস্কের স্টারলিংক সক্রিয় করার ঘটনাকে লেখক এই ঝুঁকির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ।
প্রবন্ধটির আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, মাস্ক ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ককে রাষ্ট্রীয় সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। লেখকের মতে, এটি আমেরিকান ‘exceptionalism’-এর প্রসারিত রূপ—যেখানে নিয়ম অন্যদের জন্য বাধ্যতামূলক, কিন্তু নিজেদের জন্য ঐচ্ছিক । ভারতের জন্য প্রশ্ন হলো, বিদেশি প্রযুক্তি কোম্পানির চাপ বা হুমকির মুখে কি জাতীয় নিরাপত্তা ও নিয়মনীতির সঙ্গে আপস করা যাবে?
তবে ভারতের সামনে একটি সমান গুরুত্বপূর্ণ দায়িত্বও আছে: নীতি-স্পষ্টতা। প্রযুক্তি খাতে সিদ্ধান্ত নেওয়ার দীর্ঘ বিলম্ব বিনিয়োগ, উদ্ভাবন ও ভোক্তা সুবিধা—সবকিছুর ক্ষতি করে। তাই সরকারের উচিত হয় স্পষ্ট ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া, নয়তো স্পষ্টভাবে ‘না’ বলা; নীতিগত অনিশ্চয়তা কাউকেই লাভ দেয় না ।
বাংলাদেশের জন্যও এই আলোচনা প্রাসঙ্গিক। স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট দূরবর্তী এলাকায় সংযোগ বাড়াতে পারে, দুর্যোগে যোগাযোগ রক্ষা করতে পারে। কিন্তু একই প্রযুক্তি জাতীয় নিরাপত্তা, তথ্যসার্বভৌমত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিও তৈরি করতে পারে। তাই নীতিনির্ধারণের মূলনীতি হওয়া উচিত—প্রযুক্তির সুবিধা নেওয়া এবং নিরাপত্তা, আইনের শাসন ও জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করা।
