শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে লোকগান ‘ঢাকের বোলে বাংলা দোলে’ নতুন করে পরিবেশন করেছে পটিয়ার খুদে শিল্পী রঙিন। ‘দোহার’ ব্যান্ডের জনপ্রিয় গানটির এই পরিবেশনা উৎসর্গ করা হয়েছে ব্যান্ডটির অন্যতম প্রাণপুরুষ প্রয়াত সংগীতশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের স্মৃতির প্রতি।
চট্টগ্রামের পটিয়ার শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দির প্রাঙ্গণে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে দুর্গাপূজার আবহের সঙ্গে বাংলার লোকজ সংস্কৃতি ও শিশু-কিশোরদের অংশগ্রহণ তুলে ধরা হয়েছে।
গানটির অডিও রেকর্ডিং ও মিক্সিং করেছেন দেবরাজ দেবু। ভিডিও ধারণ করেছেন শ্রীমান্ত শীল এবং সম্পাদনা করেছেন দীপ্ত দে।
রঙিনের সঙ্গে গানচিত্রে অংশ নিয়েছেন টিকলু দে, অনামিকা, নিত্যানন্দ, নিলয়, অন্বেষা, গোপিকা, দীপ্ত, প্রমিত ও গুনগুন।
প্রকাশের পর গানটির পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, নতুন প্রজন্মের কাছে বাংলার লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
রঙিনের বাবা চিত্রশিল্পী টিকলু দে বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে শিশু-কিশোরদের শেকড়ের সংস্কৃতি, লোকজ সুর ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা জরুরি। সেই লক্ষ্য থেকেই এ আয়োজন।
কালিকা প্রসাদ ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর নেতৃত্বে সমৃদ্ধ হওয়া ‘দোহার’-এর লোকসংগীতের ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস হিসেবে পরিবেশনাটিকে দেখছেন আয়োজকেরা।
দুর্গাপূজার উৎসবের সঙ্গে বাংলার লোকজ সুরকে যুক্ত করে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ গানটির এই নতুন পরিবেশনা প্রকাশ করা হয়েছে।
The post কালিকা প্রসাদের স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
