যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনি র্যালি শেষে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘না, আমি মনে করি আমরা কোনো আলোচনা করছি না। কোনো না কোনো উপায়ে খুব শিগগিরই কিছু একটা হতে যাচ্ছে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘বেশিরভাগ মানুষ মনে করছেন বিষয়টি নির্বাচনের পরই ঘটবে, দেখা যাক পরবর্তী সময়ে কী হয়।’
এর আগে, র্যালিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখনই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে পারে, তবে তারা নিশ্চিত হতে চায় যেন এর ফলাফল দীর্ঘস্থায়ী হয়।
তিনি বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই সরে আসতে পারি, তবে আমরা নিশ্চিত করতে চাই যেন এটি দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সামরিক ও আর্থিকভাবে ইরানকে পরাজিত করেছে এবং তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে- মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বিমান হামলার পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েকজন মার্কিন কর্মকর্তা ও এ বিষয়ে অবহিত ব্যক্তিদের সূত্রের বরাতে খবরটি প্রকাশ করা হয়।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প এই হামলায় চূড়ান্ত অনুমোদন দেবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়। কারণ চলতি বছর পুনরায় বড় ধরনের যুদ্ধে জড়ানোর বেশ কিছু পরিকল্পনা তিনি বারবার ভেটো দিয়ে বাতিল করেছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, প্রশাসন এমন কোনো সামরিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করে না যার অস্তিত্ব থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
আজহার/
