
গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৯ ও ২০ অক্টোবর জেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এ সময় সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেওয়া হয়।
পরিদর্শন কার্যক্রমে অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনের অংশ হিসেবে জেলার উল্লেখযোগ্য পূজামণ্ডপের মধ্যে আদান ঠাকুরের ভিটা দুর্গা মন্দির, মাঝিগাতি মণ্ডলবাড়ি দুর্গা মন্দির, রাজপাট মজুমদারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, হাইশুর বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির ও খাটরা কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দির ঘুরে দেখেন তাঁরা।
এ ছাড়া ২০ অক্টোবর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দী ঠাকুরবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা ঠাকুর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা এবং উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুকসুদপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মুকসুদপুর সদরবাজার-সংলগ্ন মন্দির রোডের পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ বুলেটিনকে দেওয়া বক্তব্যে বলা হয়, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এটি বর্তমান সরকারের বক্তব্য। এই আদর্শ ধারণ করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তব্যে আরও বলা হয়, মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে গোপালগঞ্জের সর্বত্র শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।
