কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের উপর থেকে মো. জয়নাল আবেদীন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার দাঙ্গাপাড়া গ্রামের মো. নয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকার রেললাইনের ওপর ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানার এএসআই মো. মোকলুকুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে—এটি হত্যা নাকি কোনো ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পোড়াদহ রেল পুলিশ ও ভেড়ামারা থানা পুলিশ তদন্ত ও আইনগত ব্যবস্থা নিচ্ছে।
