ঈশ্বরদীর আঃলীগের দুই নেতাসহ ৩ জন ঢাকায় গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাবনার ঈশ্বরদী উপজেলার আওয়ামী লীগের তিন স্থানীয় নেতাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ওসি মোঃ হালিমুর রহমান বাবুর বরাত দিয়ে এ তথ্য জানান। পুলিশ সূত্রে জানা গেছে,২০২৪ সালের ৫ আগস্টের পর ঈশ্বরদী ও আটঘরিয়া ছেড়ে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন,ওই তিন নেতা। ঢাকাতে অবস্থান করেও তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠো ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন। পাশাপাশি নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের ভাষ্য। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈশ্বরদী থানার ওসি মোঃ আশাদুর রহমান জানান, গ্রেপ্তার তিন নেতার মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ছিলেন। অন্যদিকে, মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
