নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ নিয়ে এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক।
এসআরবি-১৪ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে এসআরবি-১৪-এর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
এর আগে গত শনিবার রাতে এই মামলায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন আসামি অপূর্বকে দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের কর্ণধার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। নিহত আলিফের শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চয়ন দেবনাথ মুন্না/আরএফ
