রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় এক ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।
পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে কয়েকজন চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে উঠে দরজার তালা ভেঙে লাগেজগুলো নিয়ে যান।
এ ঘটনায় আটক চারজন হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)।
আটক মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ড ভ্যানে করে রাজশাহীতে আনা হচ্ছিল। হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, আটটি লাগেজ নেই। এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে তদন্ত শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। পরে বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় শাহাদত হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বুধবার ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক কাভার্ড ভ্যানের তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেন। পরে ভোর ৫টার দিকে পুঠিয়ার তারাপুর এলাকায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি ভ্যানের পেছনের দরজার তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যান।
পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানান। পরে তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। এরপর দরজা বন্ধ করে রাজশাহীতে পৌঁছান। হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে।
ক্রিকেটার মেহেরব হাসান জানান, তাঁর লাগেজে থাকা অন্যান্য মালামাল উদ্ধার হলেও তিন লাখ টাকা এখনো পাওয়া যায়নি। টাকা উদ্ধারে চেষ্টা চলছে বলে পুলিশ তাঁকে জানিয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।
