লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় গ্রামবাসীর পাল্টা ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪-এস অংশের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সীমান্তের বাংলাদেশের অংশে কৃষকেরা কাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে কথা-কাটাকাটির পর বিএসএফ সদস্যরা লাঠি নিয়ে কৃষকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় কৃষকেরা লাঠি হাতে তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভারতের দিকে চলে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
