যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটায় একটি যুব ফুটবল ম্যাচ চরাকালীন মাঠে একটি ট্রাক ঢুকে পড়ে। এতে ৬ বছরের এক শিশু এবং ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোসেস এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যায়ের হলেও কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মোসেস আরও জানান, ট্রাকটি চালাচ্ছিলেন ৩৪ বছর বয়সী এক নারী। ওই নারী তদন্তকারীদের সহযোগিতা করছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে মোসেস কেবল জানান যে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। উইচিটার মেয়র লিলি উ বলেন, উইচিটার জন্য আজ একটি হৃদয়বিদারক দিন। পরিবারগুলো শনিবারের বিকেল উপভোগ করতে এবং নিজেদের সন্তানদের ফুটবল খেলা দেখতে স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এসেছিল। এমন মর্মান্তিক ট্র্যাজেডি ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি।
