বারমুডা এবং পুরো ক্যারিবীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রচলিত এক ডজনেরও বেশি শব্দ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে বিশ্বখ্যাত অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে।
বুধবার (১৪ অক্টোবর) এই তালিকা প্রকাশ করা হয়।
এই তালিকার শুরুতেই রয়েছে বারমুডিয়ান শব্দ বিম্পার্ট। অজানা উৎস থেকে আসা এই শব্দটি সাধারণত নির্বোধ বা বোকা কোনো ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। উত্তর আটলান্টিকের এই ছোট্ট দ্বীপের মানুষেরা প্রায়ই একটি ঐতিহ্যবাহী বাক্যে এটি ব্যবহার করেন: A bimpert is justah wuffless bye, যার সরল অর্থ হলো একটি আহাম্মক বা বোকা হলো কেবলই এক অপদার্থ ছেলে।
আরও পড়ুন
আরেকটি বৈচিত্র্যময় নতুন সংযোজন হলো হর্নারম্যান। এটি ১৯৭৫ সাল থেকে পূর্ব ক্যারিবীয় দ্বীপ ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে অবিশ্বস্ত কোনো পুরুষ বা অন্য কারো সঙ্গীর সঙ্গে সম্পর্কে লিপ্ত পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে।
ট্রিনিদাদের এক মুদি দোকানদার লিওনার্দো আলেকজান্ডার হর্নারম্যান শব্দটি অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার খবরে হেসে উঠে বলেন, স্থানীয় ভাষায় horn বলতে অবিশ্বস্ত হওয়া বোঝায় এবং এখন পুরো বিশ্ব এমন কাজ করা পুরুষকে ডাকার উপযুক্ত শব্দটি জানতে পারবে।
তিনি বলেন, এটি আমাদের ঐতিহ্য, এই শব্দগুলো শুনেই আমরা বড় হয়েছি।
ক্যারিবীয় অঞ্চলে যদি কেউ এ ধরনের অবিশ্বস্ততার কথা জানতে পারে, তবে তারা to get on প্রতিক্রিয়া দেখাতে পারে যার অর্থ তীব্র আবেগ প্রকাশ করা বা হট্টগোল সৃষ্টি করা। অথবা হতে পারে to cut someone’s tail যার অর্থ কাউকে প্রহার বা মারধর করা।
অবিশ্বস্ততার এমন ঘটনার পরিণতি হিসেবে কোনো নারীর প্রয়োজন হতে পারে vex money। এই শব্দটি মূলত কোনো জরুরি অবস্থা বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যবহারের জন্য কোনো নারীর নিরাপদ স্থানে রাখা বা সঙ্গে বহন করা টাকাকে বোঝায়।
অভিধানে যুক্ত হওয়া তুলনামূলক অলৌকিক ও রহস্যময় শব্দগুলোর মধ্যে রয়েছে জ্যাবলেস। একে সংজ্ঞায়িত করা হয়েছে এমন এক ক্ষতিকারক রূপ পরিবর্তনকারী নারী আত্মা হিসেবে, যার একটি পা ছাগলের মতো খুরযুক্ত। কথিত আছে, রাতের বেলায় এরা পুরুষদের প্রলুব্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিতে সুন্দরী নারীর রূপ ধারণ করে। শব্দটি ফরাসী শব্দ diablesse (নারী পিশাচ) থেকে এসেছে।
অন্য একটি অলৌকিক শব্দ হলো ডুয়েন। অভিধানের তথ্যমতে, এরা দেখতে খর্বাকৃতির, যাদের পা পেছনের দিকে ঘোরানো এবং মাথায় বড় টুপি থাকে। বিশ্বাস করা হয়, বাপ্তিস্ম (খ্রিস্টধর্মীয় নামকরণ সংস্কার) হওয়ার আগেই মারা যাওয়া শিশুর আত্মা হলো এই ডুয়েন, যারা নাম ধরে ডেকে শিশুদের বনে প্রলুব্ধ করে নিয়ে যায়। এটি স্পেনীয় শব্দ ‘duende’ (পরী বা এলফ) থেকে এসেছে।
ট্রিনিদাদের ৪৫ বছর বয়সি রক্ষণাবেক্ষণ টেকনিশিয়ান অ্যাভিওনে জর্জ বলেন, ‘এই শব্দগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি নতুন প্রজন্মের জন্য ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করবে। তরুণদের অনেকেই ডুয়েন বা লা জ্যাবলেসের মতো পুরোনো সময়ের শব্দগুলো সম্পর্কে কিছুই জানে না।
খাবার সম্পর্কিত বেশ কয়েকটি শব্দও এ বছর যুক্ত করা হয়েছে।
শাদীশ: স্প্যানিশ চোরিজো সসেজকে বোঝাতে ব্যবহৃত বারমুডিয়ান শব্দ।
সুগার কেক: কুরানো নারিকেল, চিনি, পানি ও মসলা দিয়ে ফুটিয়ে তৈরি এক ধরণের মিষ্টি।
পিনাট পাঞ্চ: চিনাবাদাম বা পিনাট বাটার, দুধ, চিনি ও বিভিন্ন মসলা দিয়ে তৈরি অত্যন্ত জনপ্রিয় ও ঘন ফেনা যুক্ত একটি পানীয়।
ক্যারিবীয় অঞ্চলে কেউ হয়তো তার নানা বা নানীর সঙ্গে বসে এই পিনাট পাঞ্চ উপভোগ করতে পারেন। হিন্দি থেকে আসা এই শব্দ দুটি সেখানে মাতামহ ও মাতামহীকে ডাকতে ব্যবহৃত হয়। আবার বারমুডায় কেউ হয়তো তার হ্যামা বা বন্ধুর সঙ্গে বসে এটি পান করবেন।
ট্রিনবাগোনিয়ান: যা ট্রিনিদাদ ও টোবাগো উভয় দ্বীপের অধিবাসীদের নির্দেশ করে।
ক্যানবুলে: যা ১৮০০-এর দশকে ট্রিনিদাদে দাসপ্রথার বিলুপ্তি উদযাপনের কার্নিভাল উৎসবকে নির্দেশ করে। ১৭০০-এর দশকের এক ফসল কাটার উৎসবকে ব্রিটিশরা দমন করার চেষ্টা করলে এর জন্ম হয়, যা স্মরণে আজও কার্নিভাল শুরুর প্রতীক হিসেবে রূপক বিক্ষোভ প্রদর্শিত হয়। canboulay শব্দটি এসেছে burning cane (আখ পোড়ানো) থেকে, যা অভিধানের মতে প্রতিরোধ ও বিদ্রোহের প্রতীক।
ট্রিনিদাদের নির্মাণ শ্রমিক শেরউইন উইলিয়ামস বলেন, ‘অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে এই শব্দগুলোর অন্তর্ভুক্তির ফলে বিশ্ববাসী তাদের ট্রিনিদাদীয় শিকড় বুঝতে পারবে।’
তিনি বলেন, ‘মানুষ আমাদের আঞ্চলিক গালি বা উপভাষা দিয়েই আমাদের আলাদাভাবে চিনতে পারে।’
উল্লেখ্য, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে প্রায় পাঁচ লাখ শব্দ ও বাক্যাংশ রয়েছে, যা একাদশ শতাব্দী পর্যন্ত শব্দের ইতিহাস ও বিবর্তন তুলে ধরে। সূত্র: ইউএস নিউজ
তামান্না রুপা/
