প্রকাশিত: ১৩:২০, ১৬ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় ‘বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি’র চট্টগ্রাম মহানগর শাখার আয়োজিত এক সংবাদ সম্মেলন
বিভিন্ন কমিশন ও চার্জ নিয়ে আপত্তি জানিয়ে ফুডপান্ডাকে দেওয়া আলটিমেটামের মেয়াদ শেষ হলেও কোনো সমাধান মেলেনি। এ অবস্থায় চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন কমিশন ও চার্জ নিয়ে আপত্তির বিষয়ে ফুডপান্ডাকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার সেবা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা।
রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশন, বিভিন্ন ধরনের চার্জ ও ব্যবসায়িক নীতিমালার কারণে তাদের ব্যবসা পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এসব বিষয়ে সমাধান না আসা পর্যন্ত বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
