রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলসহ ১৪ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম রিপন হোসেন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখার সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মন্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহাম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে মিছিল হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় ওই দিনই গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে এই ১৪ জনসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন ১৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির জন্য শনিবার দিন ধার্য করেন। এদিন আসামিদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁদের প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।
সানা/আপ্র/১৮/১০/২০২৬
