মেলানিয়া ট্রাম্পের সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টছবি:এক্স
Published on
:
2 min read
রেডার আবিষ্কার নিয়ে বড় দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কাকা রেডার আবিষ্কার করেছিলেন বলে দাবি করলেন ট্রাম্প। আর ইরানের রেডার সিস্টেম ধ্বংস করার কারণে সেই কাকা তাঁর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও মন্তব্য করলেন তিনি। ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে নির্বাচনে প্রচারে গিয়ে, সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ফেব্রুয়ারি মাসে ইজ়রায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে আমেরিকা। এখনও সেই লড়াই বন্ধ হয়নি। ইরানে হামলা আপতত বন্ধ রেখেছে আমেরিকা। তবে ইরানে আবার হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রবিবারই সেখানে হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই হামলার হুমকি দিলেও সমঝোতার পথ খোলা আছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
এ দিকে, গত কয়েক মাসে হামলার সময়ে ইরানের রেডার সিস্টেম (radar strikes) ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দফায় দফায় ধ্বংস করেছে আমেরিকান সেনাবাহিনী বলে দাবি করেছেন ট্রাম্প। এ বার তিনি দাবি করেছেন, রেডার আবিষ্কার করেছিলেন তাঁর কাকা জন জি ট্রাম্প।
উল্লেখ্য, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) অধ্যাপক ছিলেন জন জি ট্রাম্প। ১৯৮৫ সালে মৃত্যু হয় তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রেডার প্রযুক্তির উন্নয়ন ও প্রচারে অবদান রেখেছিলেন তিনি। তবে তিনি রেডার আবিষ্কার করেননি। রেডার আবিষ্কার করা হয় ১৯০৪ সালের দিকে।
যদিও তাঁর কাকাকেই রেডারের আবিষ্কারক বলে দাবি করেছেন ট্রাম্প। পাম বিচ কাউন্টিতে নির্বাচনী প্রচারে এসে আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমার কাকা রেডার আবিষ্কার করেছিলেন। এটা বিশ্বাস করতে পারেন? আমি যদি ইরানের রেডার (radar) প্রযুক্তি এবং ব্যবস্থা ধ্বংস করে থাকি তা হলে তিনি আমার উপর ক্ষুব্ধ হতে পারেন।’
প্রসঙ্গত, আমেরিকার মিডটার্ম নির্বাচনের আগে ইরানে কোনও রকম হামলা চালানো হবে না বলে আগে জানিয়েছিলেন ট্রাম্প। তবে তাঁর সেই অবস্থান বদল করেছেন তিনি। ইরানে আবার ‘এপিক ফিউরি’ চালাতে পারেন বলেও জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।
