Palash Das met wounded CPI-M workers
বারাসতে আক্রান্ত সিপিআই(এম) কর্মীদের বাড়িতে নেতৃত্ব, লড়াই করে বই বিক্রি রাজারহাট-বাদুড়িয়ায়
-
- 21 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
বারাসতে পলাশ দাস সহ নেতৃবৃন্দ।
×
বারাসতে বুক স্টলে বিজেপি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এবং গুরুতর আহত সিপিআই(এম) কর্মীদের বাড়িতে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক পলাশ দাশ।
গত ১৯ অক্টোবর বারাসত নবপল্লির ভদ্রবাড়ি মোড়ে বুক স্টলে লাঠি বাঁশ নিয়ে আক্রমণ করে ওই দুষ্কৃতীরা। প্রতিরোধ করেন সিপিআই(এম) কর্মীরা। আহত হন মহিলারাও।
২১ অক্টোবর সেই তুহিন রায়, সাথী দাস, মেঘলা ভট্টাচার্য, সুজিত দাস ও তন্ময় দে-র বাড়িতে দেখা করতে যান সিপিআই(এম) জেলা সম্পাদক। সঙ্গে ছিলেন পার্টি নেতা পুলক কর, দিলীপ সাহা, মৃণাল মজুমদারও।
এদিকে রাজারহাট শহর-২ এরিয়া কমিটির অভ্যন্তরে তিনটি জায়গায় প্রতি বছরের মতো এ বছরও বুক স্টল করা হয়। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন, বুক স্টল বন্ধু করতে প্রশাসন থেকে হুমকি, থানায় ডেকে ভয় দেখানো হয়েছে। ৩০ বছর তেঘরিয়ার যে জায়গায় বুক স্টল হতো তা রাতের অন্ধকারে বিজেপি দখল করে নেয়। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে পাশেই স্টল করা হয়েছে।
রাজারহাটে সিপিআই(এম) নেতৃবৃন্দ জানিয়েছেন যে প্রতিদিন প্রশাসন চাপ দিয়েছে। চাপের কাছে নতি স্বীকার না করে স্টল চলেছে মুক্ত আকাশের নিচে। আরেক দিকে রঘুনাথ পুর স্টল থেকে ঢাকিদের সম্মান প্রদান ও আর্থিক সাহায্য করা হয়। তিনটি স্টলে আগের তুলনায় অনেক বেশি বই বিক্রি হয়েছে।
উত্তর ২৪ পরগনারই বাদুড়িয়া-২ এরিয়া কমিটির বুক স্টল বন্ধ করতে প্রশাসন চাপ দিয়েছিল। কিন্তু পার্টি কর্মীরা নানা বাধার মধ্যেও স্টল আগলে রেখে বই বিক্রি চালিয়েছেন।
প্রতি বছর পুজো প্যান্ডেল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাদুড়িয়া-২ এরিয়া কমিটির নিজস্ব জমির একটি অংশে বই বিক্রি হয়। গত ১৭ অক্টোবর উদ্বোধন করেন প্রবীণ নেতা কমরেড নিহারেন্দু চ্যাটার্জি। কিন্তু ১৮ তারিখ সকাল থেকে বাদুড়িয়া থানার পুলিশ চাপ দিতে থাকে স্টল খুলে নিতে হবে। দুপুর ২ টার সময় পুলিশ স্টল ভাঙতে আসে। কর্মীরা বাধা দেওয়ায় অবশেষে স্টলের ছাউনি বাদে লাল শালু খুলে দেয়। পুলিশ বলে, 'ওপরের নির্দেশ আছে। এলাকার সিপিআই এর নেতৃবৃন্দ জানিয়েছেন পার্টি কর্মীরা ১৭ অক্টোবর থেকে স্টল আগলে রেখে বই বিক্রি চালিয়েছেন।
এদিকে হামলা রুখেই যাদবপুর বুক স্টলে রেকর্ড বই বিক্রি হয়েছে। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে বামপন্থীদের বুক স্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত নামিয়েছিল প্রশাসন। ১৭ অক্টোবর সারা রাত জেগে লড়াই করে স্টল বাঁচিয়েছেন বামপন্থী কর্মীরা।
সিপিআই(এম) জানিয়েছে যে কলকাতার বহু স্টলেই বেড়েছে বই বিক্রি। হামলা হুমকির মধ্যেও কলকাতায় শতাধিক বুক স্টল হয়েছে বামপন্থীদের।
