ভোলার মনপুরায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৪৬ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর মাছগুলো বিতরণ করা হয় স্থানীয় অসহায় মানুষের মধ্যে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে, একই রাতে মেঘনা নদীর মাঝেরঘাট, জনতা, লতাখালী ও খারির খালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরার সদস্যরা। এ সময় ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৪৬ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরা সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
মা ইলিশ সংরক্ষণে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
