সংবাদ · সাধারণ
আখেরি মোনাজাতে শেষ হলো চাঁদপুর জেলা ইজতেমা
২৪/১০/২০২৬

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমীর মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনা পাড়ের ইজতেমা ময়দান।এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনা পাড়ে এ ইজতেমা শুরু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজে ইজতেমা ময়দানে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে সালাত আদায় করেন।তিন দিনব্যাপী এই আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমায় কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।ইজতেমা ব্যবস্থাপনার বিষয়ে তাবলিগ জামাত চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সফল সমাপ্তি ঘটেছে।
মূল প্রতিবেদনে যান ↗