আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি ধর্মীয় এ উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন। মন্ত্রী গতকাল রবিবার ময়মনসিংহ নগরীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তা নেওয়া যেতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা সহযোগিতা করবেন।
সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির কার্যক্রম শুধু নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং পরবর্তী সভার আগেই অগ্রগতির দৃশ্যমান চিত্র তুলে ধরতে হবে।
উন্নয়ন ত্বরান্বিত করা ও জনসেবার মান বাড়াতে নির্বাচিত প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
মাদকদ্রব্যের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে জেলা প্রশাসনকে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা এবং সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের আহ্বান জানান। উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে সতর্ক করে মন্ত্রী বলেন, কোনো অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদ সদস্যরাও উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।
বিআলো/অর্নব