কালবেলা · সাধারণ
যুবলীগ নেতা তালেব হত্যায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড
১৫/১০/২০২৬

বগুড়া শহরের আকাশতারা এলাকার ইট-বালু ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলার রায়ে অভিযুক্ত তিন আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আয়েজ উদ্দিন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু তালেব বগুড়া শহরের সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- ফিরোজ হোসেন ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুন বগুড়া শহরের সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেবকে ১৪ জুন দিনদুপুরে আকাশতারা এলাকায় ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন ১৫ জুন স্ত্রী মোছা. রোখসানা বাদী হয়ে বগুড়া সদর থানায় ফিরোজ ওরফে ফোকরাকে প্রধান আসামি করে এবং চাঁন মিয়া ও বাপ্পারাজ নামের দুজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।
মামলার পর হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ ওরফে ফোকরাকে (২৫) একটি বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেপ্তার করে এসআরবি। পুলিশ মামলার এজাহারভুক্ত অন্য দুই আসামি চাঁন মিয়া ও বাপ্পারাজকে বগুড়ার মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ (বগুড়া সদর) আদালতের বিচারক বিল্লাল হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা।
তারা দুজনই স্বীকারোক্তিতে উল্লেখ করেন, আবু তালেবের সঙ্গে ফিরোজের বন্ধুত্ব ছিল। শত্রুতা তৈরি হওয়ায় তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে আবু তালেবকে ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗