ভারতের মুম্বাইয়ে দুর্গাপূজার মণ্ডপে গায়ক হর্ষদীপ কৌরের সঙ্গে ‘কাবিরা’ গেয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। শনিবার সন্ধ্যায় নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে মঞ্চে উঠে নিজের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র স্মৃতি ফিরিয়ে আনেন এই অভিনেতা।
মুখার্জি-সামার্থ পরিবারের আয়োজনে প্রায় আট দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা। এবারের আয়োজনে লাল-সোনালি কুর্তা ও সাদা পায়জামা পরে উপস্থিত হন রণবীর। প্রথমে দেবী দুর্গার আশীর্বাদ নেন তিনি। পরে আলোকচিত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। সেখানে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও দেখা হয় তাঁর।
অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘কাবিরা’ পরিবেশন করছিলেন হর্ষদীপ কৌর। একপর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে তাঁর সঙ্গে গানে কণ্ঠ মেলান রণবীর। গানের একটি অংশে মাইক্রোফোন দর্শকদের দিকে এগিয়ে দেন তিনি, যাতে তাঁরাও গানের সঙ্গে গলা মেলাতে পারেন। পরে রণবীরের পরিবেশনার জন্য দর্শকদের হাততালি দিতে বলেন হর্ষদীপ।
গানের কঠিন অংশগুলোতে অবশ্য হর্ষদীপকেই এগিয়ে দেন রণবীর। তাঁর এমন স্বতঃস্ফূর্ত পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ পরিচালনা করেন অয়ন মুখার্জি। সিনেমাটিতে কাবির ‘বানি’ থাপারের চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। দীপিকা পাড়ুকোন ছিলেন ন্যায়না তালওয়ারের ভূমিকায়। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেন আদিত্য রয় কাপুর ও কাল্কি কোচলিন।
সিনেমাটির ‘কাবিরা’ গানটি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। এ ছাড়া ‘বদতামিজ দিল’, ‘বালাম পিচকারি’, ‘ইলাহি’ ও ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গানগুলোও ব্যাপক পরিচিতি পায়।
এদিকে রণবীর কাপুরকে সামনে দেখা যাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া যশ, সানি দেওল, রবি দুবে ও রাকুল প্রীত সিংও রয়েছেন সিনেমাটিতে। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
