ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম প্রধান স্থপতি নাই বেভানকে প্রায় তিন দশক ধরে গোপনে নজরদারিতে রেখেছিল দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫। কমিউনিস্ট পার্টির সঙ্গে তার যোগাযোগ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের সমালোচনা করার কারণে তার ওপর নজরদারি চালানো হয়েছিল। সম্প্রতি প্রকাশিত গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে।
ব্রিটেনের জাতীয় আর্কাইভ প্রকাশিত এমআই৫-এর অবমুক্ত গোপন নথিতে দেখা যায়, ১৯৩৩ সাল থেকে ১৯৬০ সালে মৃত্যুর আগপর্যন্ত বেভানের সংসদীয় কার্যক্রম, চলাফেরা ও বিভিন্ন বৈঠকের ওপর নজর রাখত সংস্থাটি।
সমাজতন্ত্রে বিশ্বাসী বেভান ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও তার যুদ্ধকালীন জোট সরকারের অন্যতম প্রভাবশালী সমালোচক। এ কারণে এমআই৫ সন্দেহ করত, তিনি কমিউনিস্ট মতাদর্শের প্রতি সহানুভূতিশীল। তবে গোয়েন্দা সংস্থাটির তদন্তে শেষ পর্যন্ত উদ্বেগের মতো কিছু পাওয়া যায়নি বলেই নথিতে ইঙ্গিত রয়েছে।
১৯৫৫ সালের একটি নোটে বলা হয়, ‘১৯৪৩ সাল থেকে কমিউনিস্ট পার্টির সঙ্গে বেভানের সম্পর্ক নিয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে দেখা যায়, বিভিন্ন সময়ে কমিউনিস্ট পার্টি ও ট্রটস্কিপন্থিরা তাকে নিজেদের সঙ্গে কাজ করানোর চেষ্টা করেছে। তবে তারা সফল হয়নি।’
১৯৬০ সালে মারা যান বেভান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৪৮ সালে সরকারি অর্থায়নে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয় তাকে।
ওয়েলসের একসময়ের কয়লাখনি শ্রমিক বেভান তার অসাধারণ বক্তৃতার জন্য প্রশংসিত ছিলেন। তবে তিনি শুধু লেবার পার্টির ভেতরেই নয়, পুরো ব্রিটিশ সমাজেই বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুর দুই বছর পর এমআই৫-এর নথি পর্যালোচনা করে লেখা এক প্রতিবেদনে বলা হয়, ‘নাই বেভান এত বিতর্কিত ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার গোয়েন্দা নথি আশ্চর্যজনকভাবে নিরীহ।’
সম্প্রতি প্রকাশিত অন্যান্য নথির মধ্যে জার্মান কূটনীতিক ভলফগাং জু পুটলিৎসের বিষয়ে এমআই৫-এর ফাইলও রয়েছে। তিনি হিটলারের পরিকল্পনা সম্পর্কে তথ্য ব্রিটেনকে সরবরাহ করেছিলেন।
এ ছাড়া সোভিয়েত গোয়েন্দাদের সঙ্গে যুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের নথিও প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে ফ্র্যাঙ্ক বসার্ডের নাম রয়েছে। রুশ গুপ্তচরদের কাছে প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য পাচারের দায়ে তাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সূত্র : বিবিসি
