ইলিশের প্রজনন সুরক্ষা ও অবৈধ মৎস্য শিকার রোধে কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১১ জেলেকে আটক করার পাশাপাশি ৪ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত মাতাব্বর হাট থেকে মতির হাট-সংলগ্ন মেঘনার বিভিন্ন অংশে এ যৌথ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন। এতে মৎস্য দপ্তর, স্থানীয় সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং কোস্ট গার্ড অংশ নেন। অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার অপরাধে পাঁচটি ট্রলারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৪ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে আটক ১১ জেলের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত প্রায় ২০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আরাফাত জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।