২০২০ সালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
Published : 18 Oct 2026, 08:15 PM
Updated : 18 Oct 2026, 08:15 PM
চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।
দণ্ডিত ৫১ বছর বয়সি মো. নাছের উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল চৌধুরী মারুফ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত নেছার উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর ইউনিয়নে। ঘটনার সময় তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নেহালপুরে থাকতেন।
তার সঙ্গে নোয়াখালী জেলার বেগমগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হয় ঘটনার ১২ বছর আগে। এ দম্পতির তিন সন্তান রয়েছে।
মামলার নথি অনুযায়ী, বিভিন্ন সময় যৌতুকের জন্য জেসমিনকে চাপ দিত স্বামী নেছার উদ্দিন। ২০১৮ সালেও তাকে দুই লাখ টাকা দেয় জেসমিনের পরিবার। পরে ২০২০ সালে আরো তিন লাখ টাকা যৌতুক দাবি করে নেছার। এ নিয়ে বিরোধে ওই বছরের ২০ মে জেসমিনকে গলা টিপে হত্যা করে নেছার বলে এজাহারে অভিযোগ করা হয়।
ঘটনার পর সেদিন গিয়ে ঘরের খাটের নিচে জেসমিনের মরদেহ পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জেসমিনের বড় ভাই মো. জহিরুল ইসলাম সুমন বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।
২০২২ সালের ২০ জুন আদালতে নেছারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় অভিযোগ গঠন করা হয়।
১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় দেওয়া দিল আদালত।
