লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের বাস থেকে মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলালকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে হেলালকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেনকে (৩২) আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহরাব হোসেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকার লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে ডিবির একটি দল। এ সময় জামাল হোসেনকে আটক করা হয়। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঝুমুর মোড় থেকে ইকোনো পরিবহনের বাসের যাত্রী হেলালকে ১০ থেকে ১২ জন ব্যক্তি নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে উত্তর স্টেশন এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল (৫৩) রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহরাব হোসেন জানান, আটক জামাল হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জামাল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
