বৃষ্টিতে ভিজে যাওয়া কিংবা অসাবধানতাবশত পানিতে পড়ে যাওয়া—আইফোনের ক্ষেত্রে এমন পরিস্থিতিতে সামান্য ভুলেও বড় ধরনের ক্ষতি হতে পারে। ফোন ভিজে গেলে অনেকেই দ্রুত শুকানোর জন্য চালের মধ্যে রাখা, হেয়ার ড্রায়ার ব্যবহার কিংবা চার্জে দেওয়ার মতো কাজ করেন। কিন্তু এসব পদক্ষেপে ফোনের ক্ষতি আরও বাড়তে পারে। তাই আইফোন পানিতে ভিজে গেলে কী করবেন আর কোন কাজগুলো এড়িয়ে চলবেন, তা জানা জরুরি। অ্যাপলের নির্দেশনা অনুযায়ী, এ ক্ষেত্রে কয়েকটি সতর্কতা মেনে চলা উচিত। প্রতিবেদন গার্ডিয়ানের।
আইফোন পানিতে ভিজলে যা করবেন
আইফোনে চার্জার সংযুক্ত করার সময় ‘লিকুইড ডিটেক্টেড’ বা তরল শনাক্ত হওয়ার সতর্কবার্তা দেখা গেলে চার্জ দেওয়ার চেষ্টা না করে প্রথমে ফোনটিকে নিরাপদে শুকানোর ব্যবস্থা করতে হবে।
১. চার্জার খুলে ফেলুন
ফোনে চার্জার লাগানো থাকলে সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। চার্জিং কেবলের দুই প্রান্তের সংযোগও বিচ্ছিন্ন করুন। চার্জিং পোর্টে আর্দ্রতা থাকলে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।
২. অতিরিক্ত পানি ঝরিয়ে নিন
আইফোনের চার্জিং পোর্ট নিচের দিকে রেখে হাতের তালুতে আলতোভাবে টোকা দিন। এতে অতিরিক্ত তরল বের হয়ে আসতে পারে। তবে ফোন ঝাঁকাবেন না বা জোরে আঘাত করবেন না।
৩. শুকানোর জন্য অপেক্ষা করুন
ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার পর ফোন ও কেবল শুকনো থাকলে আবার চার্জ দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তবে পোর্টে আর্দ্রতা থাকলে আরও অপেক্ষা করতে হবে।
৪. চার্জ না হলে তাড়াহুড়ো করবেন না
প্রথমবার চেষ্টা করার পরও চার্জ না হলে ফোনটিকে আরও সময় দিন। অ্যাপলের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনে সম্পূর্ণ শুকানোর জন্য ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
৫. ফোন কাজ না করলে বন্ধ রাখুন
পানিতে ভিজে যাওয়ার পর ফোন অস্বাভাবিক আচরণ করলে বা কাজ করা বন্ধ করে দিলে নিরাপদে সম্ভব হলে সেটি বন্ধ রাখুন। পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে বাইরের অংশ মুছে নিন। ফোনে গুরুতর সমস্যা দেখা দিলে সার্ভিস সেন্টারের সহায়তা নিন।
ফোন শুকানোর সময় যে ৫টি কাজ ভুলেও করবেন না
১. চালের মধ্যে ফোন রাখবেন না
ফোন শুকানোর জন্য চালের ব্যাগে রাখা প্রচলিত একটি ধারণা। কিন্তু অ্যাপল এ পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দেয়। চালের ছোট কণা ফোনের ভেতরে বা চার্জিং পোর্টে ঢুকে ক্ষতি করতে পারে।
২. হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না
হেয়ার ড্রায়ার, হিটার বা অন্য কোনো বাহ্যিক তাপের উৎস দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না। অতিরিক্ত তাপ ফোনের বিভিন্ন উপাদানের ক্ষতি করতে পারে।
৩. কমপ্রেসড এয়ার ব্যবহার করবেন না
সংকুচিত বাতাস দিয়ে চার্জিং পোর্ট বা ফোনের ভেতরের আর্দ্রতা দূর করার চেষ্টা করবেন না। এতে পানি আরও ভেতরে প্রবেশ করতে পারে বা সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
৪. চার্জিং পোর্টে কোনো বস্তু ঢোকাবেন না
কটন বাড, কাগজের তোয়ালে, টিস্যু কিংবা অন্য কোনো বস্তু দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করতে যাবেন না। এতে পোর্টের ভেতরের সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
৫. ফোন ভেজা অবস্থায় চার্জ দেবেন না
চার্জিং পোর্ট বা কেবলে আর্দ্রতা থাকা অবস্থায় চার্জ দিলে সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। জরুরি প্রয়োজনেও ফোন সম্পূর্ণ শুকানোর আগে কেবল দিয়ে চার্জ দেওয়া এড়িয়ে চলুন।
সিলিকা জেল ব্যবহার করা যাবে?
হাতে সিলিকা জেলের প্যাকেট থাকলে সেগুলো আর্দ্রতা শোষণে সহায়ক হতে পারে। তবে শুধু সিলিকা জেলের ওপর নির্ভর করে ফোনের ভেতরের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে বলে ধরে নেওয়া ঠিক নয়। ফোনের চার্জিং পোর্ট ও অন্যান্য অংশ পুরোপুরি শুকিয়েছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চার্জ দেওয়া উচিত নয়।
পানি প্রতিরোধী হলেই কি আইফোন পুরোপুরি নিরাপদ?
বর্তমানে অনেক আইফোন মডেলে পানি প্রতিরোধের সুবিধা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে ফোন সব ধরনের পানির সংস্পর্শে নিরাপদ থাকবে। মডেলভেদে পানি প্রতিরোধের মাত্রা আলাদা। ফোনের বয়স, ক্ষয়ক্ষতি এবং পানিতে থাকার পরিস্থিতির কারণেও এ সুরক্ষা কমে যেতে পারে।
তাই আইফোন পানিতে ভিজে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত চার্জার বিচ্ছিন্ন করা, ফোনটি স্বাভাবিকভাবে শুকাতে দেওয়া এবং ঝুঁকিপূর্ণ পদ্ধতি এড়িয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সুত্র-গার্ডিয়ান
এমএম/
