রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব ধরনের সরকারি ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র এবং ক্রয় কার্যক্রম স্থগিত রাখতে হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা পাঠানো হয়েছে সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে।
নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের আগপর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সরকারি ক্রয় কার্যক্রম বন্ধ থাকবে।
