ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি অনিয়মের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
শনিবার দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন মন্ত্রী। পরিদর্শনকালে ময়লার ভাগাড়ে চিকিৎসাসামগ্রী পড়ে থাকা এবং হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা তাঁর নজরে আসে।
এর আগে মন্ত্রী ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ওয়ার্ডে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য খাতে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ক্যানসারের চিকিৎসায় রেডিওথেরাপি সুবিধা সম্প্রসারণ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা স্থাপন এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
