২০২৮ সালের আলিম পরীক্ষার জন্য বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা, নম্বর বণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা প্রযোজ্য হবে।
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষা ২০২৮-এর জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, প্রশ্নের ধারা ও নম্বর বণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এদিকে এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে সাধারণ শিক্ষা ধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষা ধারার আলিম স্তরের বিষয় কোড সমন্বয় করা হয়েছে।
বোর্ডের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত নতুন বিষয় কোড নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আলিম পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে। ফলে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদসহ পরীক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।
তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোড বহাল থাকবে।
নতুন সিলেবাস, বিষয় কাঠামো ও নম্বর বণ্টন সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://bmeb.gov.bd/) এবং প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
