নজিরবিহীন নিরাপত্তা, পাঁচ দিনের ছুটি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এসব কথা বলেন।
তিনি দাবি করেন, এবার সারা দেশে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। সরকারের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মিল্টন বৈদ্য বলেন, পাঁচ দিনের ছুটি দেওয়ায় সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি দুর্গাপূজায় রাষ্ট্রীয় অনুদান বাড়ানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
সংগঠনটির নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ভূমিকা রেখেছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পূজামণ্ডপগুলোতে পুলিশ, এসআরবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সংগঠনটির নেতারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি রমেশ দত্ত, যুগ্ম মহাসচিব উত্তম সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
