
বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই: বিমান মন্ত্রী মিল্লাত
বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি আজ দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সংসদ সদস্যদের সংবর্ধনা, চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তব্যে বিমান মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া কোনো সরকারের পুনঃপ্রতিষ্ঠার নজির পৃথিবীর ইতিহাসে নেই।
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বানানো তথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। সাইবার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও বট বাহিনীর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
বিমান মন্ত্রী সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো চক্রান্ত হলে দেশের জনগণ কঠোরভাবে তা রুখে দাঁড়াবে।
পচে যাওয়া ও ভঙ্গুর দেশকে পুনর্গঠন করতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম ও সংসদ সদস্য ডক্টর নিলোফার চৌধুরী মনি ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
