আটক সাংবাদিকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা রাশিয়ায় অবস্থিত জাপান দূতাবাসের
রাশিয়ায় অবস্থিত জাপানি দূতাবাসের একজন কর্মকর্তা, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক জাপানি সাংবাদিকের খোঁজখবর নেয়ার চেষ্টা করেছিলেন। তবে তাকে দেখা করতে দেয়া হয়নি।
রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি মঙ্গলবার জানিয়েছে যে, সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন প্রদেশ থেকে ‘দ্য হোক্কাইদো শিম্বুন প্রেস’এর একজন সংবাদদাতাকে আটক করা হয়েছে।
এফএসবি'র ভাষ্যমতে, ওই ব্যক্তিকে মস্কোতে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু বলেন, দূতাবাস রাশিয়ার পক্ষ থেকে এই আটক সম্পর্কে একটি কনস্যুলার বিজ্ঞপ্তি পেয়েছে। এরপর দূতাবাসের একজন কর্মকর্তা ওই ব্যক্তির খোঁজখবর নিতে পূর্ব মস্কোর লেফোরতোভো আটক কেন্দ্রে গেলেও তার সঙ্গে দেখা করতে পারেননি।
দূতাবাস জানিয়েছে, শুক্রবার সেখানে যাওয়ার আগে কর্মকর্তারা রুশ পক্ষের সঙ্গে সমন্বয় করেছিলেন।
দূতাবাসের ভাষ্যানুযায়ী, সাক্ষাৎটি কেন অনুষ্ঠিত হলোনা, তা তারা প্রকাশ করতে পারবে না, তবে যত দ্রুত সম্ভব এর অনুমতির জন্য তারা রাশিয়ার প্রতি অনুরোধ জানাবে।