নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নতুন মোড়কে বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও উইনসেরেক্স (WINCEREX)–এর ৭৪ বোতল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানার মধ্য সানারপাড় এলাকায় আবদুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকবাল খাঁ (৫০) ও খবির ভূঁইয়া (৩৬)। ইকবাল খাঁর বাবা মৃত খোদা বক্স ও মা মৃত মনোয়ারা বেগম। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ে আবদুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
অপর গ্রেপ্তার খবির ভূঁইয়ার বাবা মৃত আবদুল আওয়াল ভূঁইয়া ও মা মৃত শাহিদা বেগম। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার মধ্য সানারপাড় এলাকায়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) ও ৪৪ বোতল উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
