সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ মুহূর্তের মধ্যেই ঢেকে গেল গভীর শোক ও বিষাদের কালো ছায়ায়। মণ্ডপে মণ্ডপে যখন চলছিল বিজয়ার সুর আর আনন্দ-উচ্ছ্বাস, ঠিক তখনই দেবীর কপালে সিঁদুর পরাতে গিয়ে আকস্মিক হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তন্নি দে (২০) নামের এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বজনীন বিসর্জনস্থলে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মাত্র কয়েক মাস আগে জীবন শুরু করা এক নববধূর এমন অকাল প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম।
নিহত তন্নি দে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের মহাদেব দে’র কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে মহা ধুমধামে তার বিয়ে হয়। বিবাহের পর এটিই ছিল তার বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসব উদযাপন।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জন উৎসব দেখতে এবং হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গা মায়ের চরণে ও কপালে সিঁদুর ছোঁয়াতে ননদের সঙ্গে কুমিরা বিসর্জনস্থলে গিয়েছিলেন তন্নি। সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন তিনি। কিন্তু আনন্দের সেই মুহূর্তটি দীর্ঘস্থায়ী হয়নি।
প্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নি। কিছু বুঝে ওঠার আগেই তিনি বিসর্জনস্থলের মাটিতে ঢলে পড়েন। সেখানে উপস্থিত স্বজন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথিমধ্যেই তার জীবনের আলো নিভে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক উত্তেজনা ও আকস্মিক ভয়াবহ হৃদরোগে (ম্যাসিভ হার্ট অ্যাটাক) আক্রান্ত হওয়ার কারণেই এই অকাল মৃত্যু ঘটেছে।
উৎসবের আবহ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় এই মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়ার পর। বিসর্জনস্থলের ঢাক-ঢোলের বাদ্যি থমকে গিয়ে সেখানে নেমে আসে পিনপতন নীরবতা। আনন্দের মেলা রূপ নেয় কান্নার রোলে। সদ্যবিবাহিত মেয়ের এই আকস্মিক বিদায়ে পিতা মহাদেব দে সহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় বিসর্জনের অনুষ্ঠান চলাকালে এক নববধূর আকস্মিক অসুস্থতায় মৃত্যুর খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। উৎসব প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মুহূর্তে তন্নি দে নামে ওই বধূ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
