এক চিঠিতে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স৷
চিঠিটি তাদের প্রতিবেদক দেখেছেন – এমন দাবি করে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার পাঠানো চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ৷
অ-নাগরিকদের ভোট দেয়া নিয়ে প্রশ্ন
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন৷ তার এ নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, এমন ব্যক্তিদের ভোট দেয়া থেকে বিরত রাখতে চায় ট্রাম্প প্রশাসন৷ রয়টার্সের খবর অনুযায়ী, তারই ধারাবাহিকতায় গতকাল ভোটার তালিকায় থাকা সম্ভাব্য ‘অ-নাগরিকদের' বিষয়ে তথ্য চেয়েছে বিচার বিভাগ৷ কিছু ভোটারের একটি তালিকা পাঠিয়ে মেইলে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তালিকাটি পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য জানাতে হবে, না জানালে আইনি ব্যবস্থা নেয়া হবে৷
রয়টার্স আরো জানায়, ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট শার্লি ওয়েবারকে চিঠিটি লিখেছেন ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আর. ট্রেন্ট ম্যাককটার৷ চিঠিতে বলা হয়, জাস্টিস ডিপার্টমেন্ট ইতিমধ্যে লস এঞ্জেলেস কাউন্টির কর্মকর্তাদের পাসওয়ার্ড-সুরক্ষিত একটি থাম্ব ড্রাইভে আসন্ন নির্বাচনে নিয়মবহির্ভূতভাবে ভোট দিতে পারেন এমন কিছু ব্যক্তির তালিকা পাঠানো হয়েছে৷ ফেডারেল সরকারের সন্দেহ, তালিকাভুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, অথচ ইতিমধ্যে ডাকযোগে তাদের কাছে ব্যালট পাঠানো হয়েছে৷
ব্যালট ফেরত নেয়ার নির্দেশ
তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আর ব্যালট না পাঠানোর নির্দেশ দিয়ে যাদের কাছে ইতিমধ্যে ব্যালট পাঠানো হয়েছে, তাদের প্রত্যেকের কাছ থেকে ব্যালট ফেরত নেয়ার নির্দেশও দেয়া হয়েছে৷ চিঠিতে আরো বলা হয়, ওই ব্যক্তিরা ডাকযোগে ব্যালট ফেরত পাঠানোর পর সেই ব্যালটগুলো আলাদা করে রাখতে হবে৷ যারা ইতিমধ্যে ডাকযোগে পাওয়া ব্যালটে ভোট দিয়ে ফেলেছেন, তাদের নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই ভোট গণনা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে চিঠিতে৷
ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট শার্লি ওয়েবারকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভোটাধিকার যথাযথভাবে রক্ষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আর. ট্রেন্ট ম্যাককটার লিখেছেন, ‘‘অ-নাগরিকদের ভোটের সুযোগ নাগরিকদের ভোটের গুরুত্ব কমিয়ে দেয়৷''

ভোটার তালিকায় অ-নাগরিক
ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বিচার বিভাগের দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিদের ভোটদান ব্যাপক হারে বাড়ছে৷
গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে অ-নাগরিকদের ভোট দেয়ার ঘটনা বিরল না হলেও তা খুব ব্যাপকও নয়৷
গত সেপ্টেম্বরে নাগরিক নন এমন ব্যক্তিদের ভোট দেয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স৷ সেই প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার তালিকায় ৩০ হাজারেরও বেশি অ-নাগরিকের নাম যুক্ত হওয়ার কথা জানা গেছে৷ প্রধানত সফটওয়্যার বিভ্রাট ও ক্লারিকেল এরর, অর্থাৎ করণিকদের ভুলের কারণে এমন ব্যক্তিদের নামও তালিকাভুক্ত হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়৷ ৩০ হাজারের মধ্যে কতজন প্রকৃতপক্ষে ভোট দিয়েছেন তা জানা যায়নি৷
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্রে মোট নিবন্ধিত ভোটার যেহেতু ১৭ কোটি, তাই ৩০ হাজার ভোট নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলার কথা নয়৷
কিন্তু ট্রাম্প প্রশাসন অ-নাগরিকদের ভোটদান থেকে বিরত রাখতে মরিয়া৷ গত জুলাই মাসে দেশের ৫০টি অঙ্গরাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে অ-নাগরিকদের বিষয়ে সতর্ক করে বিচার বিভাগ৷ চিঠিতে বলা হয়, জেনে-শুনে অ-নাগরিকদের ভোটার তালিকায় রেখে দিলে বা তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফৌজদারি বিচারের মুখোমুখি করা হতে পারে৷
ভোটার তালিকায় থাকা অ-নাগরিকদের শনাক্ত করতে বেশির ভাগ অঙ্গরাজ্যের কাছে ভোটারদের সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ বেশ কিছু গোপনীয় তথ্য চেয়ে চিঠি লিখেছিল সিভিল রাইটস ডিভিশন৷ অনেক অঙ্গরাজ্যই ভোটার তালিকা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়৷ এমন ৩০টি অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা করলেও কোনো মামলায জিততে পারেনি, বরং ২৬টি মামলায় হেরে যায় সিভিল রাইটস ডিভিশন৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
