অন্যকে আহার করানো ইসলামে দান ও মানবসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। মহান আল্লাহ বলেন, ‘তারা নিজেদের পছন্দের খাদ্য অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাওয়ায়। তারা বলে, আমরা তোমাদের খাওয়াচ্ছি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য; তোমাদের কাছ থেকে আমরা কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না।’ (সুরা ইনসান: ৮-৯)। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মানুষকে আহার করাও, সালাম প্রচার করো, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আর যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন নামাজ পড়ো। তাহলে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করবে।’ (ইবনে মাজাহ : ৩২৫১, তিরমিজি : ২৪৮৫)। আরেক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, তার জন্য রোজাদারের সমান সওয়াব রয়েছে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছু কমবে না।’ (তিরমিজি: ৮০৭)।