Published on
:
1 min read
সূর্যকান্ত কুমার, নাদনঘাট
তিনি তখন মন্ত্রী। কিন্তু ওদের কাছে তাঁর পরিচয় ছিল দাদু বলেই। সেই দাদু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ অসুস্থ থাকায় এ বার পুজো হলো না নাদনঘাটের দামোদরপাড়া সমাজকল্যাণ কেন্দ্রে। এই অনাথ আশ্রমের আবাসিক খুদেদের আপত্তিতেই এ বার পুজো বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। নিয়েও ফিরিয়ে দেওয়া হয়েছে সরকারি অনুদানের টাকা।
বছর ছয়েক ধরে এই অনাথ আশ্রমে খুদেদের নিয়ে পুজো কাটাতেন স্বপন। এখানে পুজোর দিনগুলিতে খাওয়াদাওয়া থেকে নানা অনুষ্ঠানে মেতে থাকতেন তিনি। আনাগোনা লেগে থাকত ভিআইপিদের। তাঁর উদ্যোগে আবাসিকদের লেখা কবিতা, গল্প নিয়ে বইও বের হতো পুজো উপলক্ষে। বর্তমানে অসুস্থ তিনি, মাঝেমধ্যেই ডায়ালিসিস হচ্ছে তাঁর। পুজোর শুরুর দিন, শনিবারও হয়েছে তা।
এ বার তাই আশ্রমে একদম অন্য ছবি। আশ্রমের ইনচার্জ সমীর মুখোপাধ্যায় বললেন, ‘যিনি বাচ্চাদের দাদু মানে স্বপন দেবনাথ, তিনি অসুস্থ। উনি হাসপাতালে শুয়ে থাকবেন আর বাচ্চারা আনন্দ করবে, এটা কী হয়! ওরাই বলল, এ বার পুজো হবে না। দাদু সুস্থ হলে আবার পুজো হবে।’ সমীর জানালেন, পুজোর জন্য সরকারি অনুদানের এক লক্ষ টাকা নেওয়াও হয়েছিল। পরে আশ্রমের খুদেরা পুজো করতে না–চাওয়ায় তা ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানালেন, প্রাক্তন মন্ত্রী এই খুদেদের মণ্ডপে মণ্ডপে ঘুরিয়ে ঠাকুর দেখানোর ব্যবস্থাও করতেন। বললেন, ‘দাদু অসুস্থ বলে এ বার আর ওরা ঠাকুর দেখতে যেতেও চাইছে না।’ এক আবাসিক পূজা আইচ বলল, ‘দাদু অসুস্থ বলে মন ভালো নেই। এ বার আর কোথাও ঠাকুর দেখতে যাব না।’
