আজকাল ওয়েবডেস্ক: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এল উত্তর ২৪ পরগনার উত্তর যোগেন্দ্রনগরে। মৃতার নাম প্রিয়া সমাদ্দার। তাঁর বাড়ি ব্যারাকপুর ২ নম্বর ব্লকের ঘোলা থানার অন্তর্গত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যোগেন্দ্রনগরে।
পরিবার সূত্রে খবর, প্রিয়ার বাবা শ্যামল সমাদ্দার পেশায় ব্লাউজ কাটিংয়ের কারিগর। নিউ ব্যারাকপুরের তপতী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন প্রিয়া। বেশ কয়েক জন বন্ধু-বান্ধবীর সঙ্গে কলকাতায় দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন তিনিও। কিন্তু ঠাকুর দেখে বাড়ি ফেরার বদলে এল তাঁর মৃত্যুসংবাদ। চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে পদপিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার ও প্রতিবেশীরা।
ঘটনার খবর পাওয়ার পর রাতে প্রিয়ার বাড়িতে যায় ঘোলা থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। আচমকা মেয়ের মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পুজোর আনন্দের মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকার বাসিন্দারা।
অন্যদিকে কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের মধ্যে রয়েছেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দার (২৭)। তাঁর বাবা শম্ভুনাথ পোদ্দার। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শ্রীপর্ণা টাটা ক্যান্সার সেন্টারে নার্সের কাজ করতেন। শনিবার সকালে কাজে বেরিয়েছিলেন তিনি। পরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে চোরবাগানের পুজো মণ্ডপে যান। সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনায় তাঁর মৃত্যু হয়।
