অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন।
২৩ অক্টোবর শুক্রবার দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে তিনি মন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।
এটিভি/ এইচকে
