পাকিস্তান জাতীয় দলে তিন ফরম্যাট মিলিয়ে আড়ইশ’র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর হয়তো এমন পরিস্থিতিতে পড়ার কথা ধারণাতেও ছিল না মোহাম্মদ রিজওয়ানের। সিরিজের মাঝপথে ফোন জব্দ ও তাকে দেশে ফেরত পাঠানো, অনলাইন জুয়ার অভিযোগে তদন্ত এবং খেলায় সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন। অবশেষে সাবেক এই অধিনায়ককে খেলার ফেরার অনুমতি দিয়েছে পিসিবি।
সে হিসেবে পাকিস্তানের ঘরোয়া লিগ এসএনজিপিএল এবং ২০২৬-২৭ প্রেসিডেন্ট ট্রফি গ্রেড-১ এর ফাইনাল রাউন্ডে খেলার কথা রয়েছে রিজওয়ানের। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার। এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ নিশ্চিত করেছেন, পিসিবির ঘরোয়া ক্রিকেট পরিচালকের ছাড়পত্র পাওয়ায় রিজওয়ান আগামীকাল (১৯ অক্টোবর) থেকে লিগটিতে প্রতিনিধিত্ব করতে পারবেন।
আরও পড়ুন
এর আগেই অবশ্য ঘরোয়া এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের। আট দলের প্রথম শ্রেণির এই ক্রিকেটে চলমান তদন্তের কারণে তার মাঠে নামতে দেরি হয়ে গেল। এক্ষেত্রে ফিটনেস টেস্টের চেয়ে তদন্তের বিষয়টির বেশি প্রভাব ছিল। সিরিজের মাঝপথে বাদ পড়ার পর শান মাসুদের অনুপস্থিতিতে রিজওয়ানের বিভাগীয় দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এসএনজিপিএলৈর প্রশিক্ষণ সেশনেও শুরুতে অংশ নিয়েছিলেন এবং দলের একটি সভায় যোগ দেন। এরপর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে চলমান তদন্তের কথা উল্লেখ করে তাকে ফেরত পাঠানোর নির্দেশ দেয় পিসিবি। পরবর্তীতে বিভাগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানায় এবং তিনি লাহোরের উদ্দেশ্যে রওনা হন।

সূত্র জানিয়েছে, পিসিবি হস্তক্ষেপ করার আগে এসএনজিপিএলে রিজওয়ানের ফিটনেস পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তারা এটিও উল্লেখ করেছে, টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ড থেকে ফিরে আসা পাকিস্তানের অন্য কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এমন কোনো পরীক্ষা নেওয়া হয়নি। আবার ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে, এই সপ্তাহের শুরুর দিকে রিজওয়ান ও পিসিবির মধ্যে যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। তবে তারা স্পষ্ট করেছে যে, এই ব্যাটার প্রেসিডেন্টস ট্রফিতে অংশগ্রহণের অনুমতি চেয়ে বোর্ডের কাছে কোনো আবেদন করেননি।
তবে নেপাল প্রিমিয়ার লিগে অংশগ্রহণের জন্য এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন রিজওয়ান। তিনি এখনও এনওসির অপেক্ষায় আছেন। একই সময়ে এসএনজিপিএল কর্তৃপক্ষ এই তারকা সঙ্গে যোগাযোগ করে তাকে প্রেসিডেন্টস ট্রফির চূড়ান্ত পর্বের জন্য পুনরায় দলে যোগ দেওয়ার আহ্বান জানায়। প্রেসিডেন্টস ট্রফি শেষ হলে বিদেশি লিগটির জন্য রিজওয়ানকে এনওসি দেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্র।
এএইচএস
